নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১৯তম স্থাপত্য প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা, ৭ মে ২০২৬: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্থাপত্য বিভাগ আয়োজিত ১৯তম আর্কিটেকচারাল এক্সিবিশন “First Step Towards Architecture” শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী হলে আয়োজিত এই প্রদর্শনী চলবে ৯ মে পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
গত ৩ মে সকাল ১১টায় বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার ইকবাল রাজ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও স্টুডিও কোর্স পরিচালনাকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ARC 111, ARC 112 এবং ARC 213 কোর্সের শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল প্রকল্প স্থান পেয়েছে।
আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে স্থাপত্য শিক্ষার প্রাথমিক ধাপগুলোকে বাস্তব ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের নকশা, চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতার বহুমাত্রিক প্রকাশ দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
প্রদর্শনী ঘুরে দেখতে আসা অভিভাবক, বন্ধু ও বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজগুলোর প্রশংসা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময়ের পরিশ্রম, রাতজাগা এবং নিবিড় স্টুডিও চর্চার ফলাফলই তারা এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরতে পেরেছেন।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ প্রতি সেমিস্টারের শেষ দিকে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক ডিজাইন দক্ষতা ও সৃজনশীল চর্চাকে উৎসাহিত করে থাকে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের মধ্যে পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
শিক্ষকদের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাকে বাস্তব স্থাপত্য ভাবনায় রূপ দেওয়ার সুযোগ পেয়েছে বলে আয়োজকরা উল্লেখ করেন। বিভাগটির পক্ষ থেকে প্রদর্শনীতে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
আয়োজকদের মতে, স্থাপত্য শিক্ষা শুধু নকশা তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দায়িত্বশীল, যুক্তিবাদী ও মানবিক চিন্তাশীল প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করে। ভবিষ্যতের টেকসই ও বাসযোগ্য নগর পরিবেশ নির্মাণে শিক্ষার্থীদের প্রস্তুত করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
