Latest from The Reporter 24

Loading news...

দ্য রিপোর্টার ২৪ পড়ুন বাংলায়

ক্লিক করে পুরো সাইট বাংলায় পড়ুন

দ্য রিপোর্টার ২৪ | শেষ সংবাদ

উচ্চ ফি, ভারী বই, নিম্ন বেতনে শিক্ষক নিয়োগ: ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে অভিভাবকদের ক্ষোভ

 


বিশেষ প্রতিবেদন

ঢাকা: বিদেশি কারিকুলাম ও আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলো উচ্চ হারে টিউশন ফি আদায় করলেও শিক্ষার মান, শিক্ষক নিয়োগ, পাঠ্যবই, অতিরিক্ত ফি, পরীক্ষার আগে অগ্রিম বেতন আদায়, ভারী স্কুলব্যাগ এবং জাতীয় দিবস পালন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন অভিভাবকেরা।

অভিভাবকদের অভিযোগ, বিপুল অর্থ ব্যয় করেও তাদের সন্তানরা প্রত্যাশিত মানের শিক্ষা পাচ্ছে না। অনেক স্কুলে বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করা শিক্ষকদের তুলনামূলক কম বেতনে নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষকদের একটি অংশের ইংরেজি ভাষায় পাঠদানের দক্ষতা এবং আন্তর্জাতিক কারিকুলাম সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

অভিভাবক ফারহান আহমেদ বলেন, “আমরা আন্তর্জাতিক মানের শিক্ষা পাওয়ার আশায় সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি। কিন্তু স্কুলে এত টাকা দেওয়ার পরও যদি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং বা প্রাইভেট টিউটরের প্রয়োজন হয়, তাহলে স্কুলের শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।”

কম বেতনে শিক্ষক নিয়োগের অভিযোগ

অভিভাবকদের অভিযোগ, পরিচালন ব্যয় কম রাখতে কিছু ইংলিশ মিডিয়াম স্কুল তুলনামূলক কম বেতনে শিক্ষক নিয়োগ করছে। এর ফলে ভালো ফলাফল করা এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অনেক প্রার্থী এসব স্কুলে শিক্ষকতা করতে আগ্রহ হারাচ্ছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক সাদিয়া জানান, তিনি বসুন্ধরা আবাসিক এলাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

সাদিয়া বলেন, “আমি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। কিন্তু স্কুলটি আমাকে মাসে ১০ হাজার টাকা বেতনের প্রস্তাব দেয়। এত কম বেতনের কারণে আমি চাকরিতে যোগ দিইনি।”

অভিভাবকদের অভিযোগ, কিছু প্রতিষ্ঠান কম খরচে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য তুলনামূলক কম বেতনে শিক্ষক নিয়োগকে অগ্রাধিকার দেয়। তাদের প্রশ্ন, একটি প্রতিষ্ঠান যখন শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চ টিউশন ফি নেয়, তখন যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ এবং তাদের উপযুক্ত বেতন দেওয়ার ক্ষেত্রে কেন পর্যাপ্ত অর্থ ব্যয় করা হবে না।

অভিভাবক নুসরাত জাহান বলেন, “আমরা শুধু ইংরেজি নামের একটি স্কুল চাই না। আমরা চাই প্রশিক্ষিত শিক্ষক, ভালো পাঠদান এবং এমন একটি শিক্ষাব্যবস্থা, যেখানে শিশুরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের শিক্ষা পাবে।”

বিদেশি কারিকুলাম, বই নিয়ে প্রশ্ন

অভিভাবকদের অভিযোগ, বিদেশি কারিকুলামের কথা বলা হলেও শিক্ষার্থীদের ব্যবহৃত অনেক বই ভারতীয় সংস্করণের এবং কিছু বই ঢাকায় মুদ্রিত। এসব বইয়ের উৎস, প্রকাশনা, সংস্করণ ও মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা চান তারা।

তাদের অভিযোগ, ‘ক্যামব্রিজ’ শিক্ষার কথা বলে বিভিন্ন বই কিনতে বলা হলেও অভিভাবকদের অনেকেই বইয়ের প্রকৃত প্রকাশক, সংস্করণ কিংবা কোথায় মুদ্রিত হয়েছে—এসব বিষয়ে পরিষ্কার তথ্য পান না।

বিশেষ করে বইয়ের ওজন নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। মোটা ও ভারী কাগজে ছাপা একাধিক বই প্রতিদিন বহন করতে গিয়ে ছোট শিশুদের স্কুলব্যাগ অত্যন্ত ভারী হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

অভিভাবক শারমিন আক্তার বলেন, “ছোট একটি শিশুকে প্রতিদিন এত ভারী ব্যাগ বহন করতে দেখে খুব কষ্ট হয়। অনেক সময় তারা পিঠে ও কাঁধে ব্যথার কথা বলে। আমরা বারবার বইয়ের বোঝা কমানোর কথা বললেও সমস্যার কার্যকর সমাধান দেখতে পাচ্ছি না।”

অভিভাবকেরা মনে করেন, প্রতিদিন সব বই স্কুলে আনার পরিবর্তে প্রয়োজনীয় বইয়ের তালিকা নির্ধারণ, স্কুলে বই রাখার ব্যবস্থা কিংবা ডিজিটাল শিক্ষা উপকরণের ব্যবহার বাড়ানো হলে শিশুদের ওপর চাপ কমতে পারে।

সময়মতো বেতন না দিলে জরিমানা

অভিভাবকদের আরেকটি বড় অভিযোগ টিউশন ফি আদায়ের পদ্ধতি নিয়ে। তাদের ভাষ্য, মাসের ১৫ তারিখের মধ্যে টিউশন ফি পরিশোধ করতে না পারলে কয়েকশ টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়।

তাদের আরও অভিযোগ, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার আগে কিছু স্কুল বর্তমান মাসের পাশাপাশি পরবর্তী মাসের টিউশন ফিও একসঙ্গে পরিশোধ করতে বাধ্য করে। বকেয়া বা অগ্রিম অর্থ পরিশোধ না করলে সন্তানকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না—এমন চাপের মুখেও পড়তে হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক।

অভিভাবক মাহমুদুল হাসান বলেন, “একটি পরিবারের আর্থিক পরিকল্পনা থাকে। চলতি মাসের সঙ্গে পরবর্তী মাসের বেতনও হঠাৎ একসঙ্গে দিতে বাধ্য করা হলে অনেক পরিবারের ওপর বড় চাপ পড়ে। সন্তানের পরীক্ষাকে কেন্দ্র করে এমন আর্থিক চাপ সৃষ্টি করা উচিত নয়।”

অভিভাবকদের মতে, কোনো পরিবার কয়েক দিন দেরিতে বেতন দিলে কয়েকশ টাকা জরিমানা আদায় এবং পরীক্ষার আগে পরবর্তী মাসের বেতন অগ্রিম নেওয়ার মতো বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতে আসা প্রয়োজন।

জাতীয় দিবস অন্য দিনে পালনের অভিযোগ

কোনো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল বিজয় দিবস, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখসহ গুরুত্বপূর্ণ জাতীয় দিবসের অনুষ্ঠান নির্ধারিত দিনের পরিবর্তে সুবিধাজনক অন্য দিনে আয়োজন করে বলেও অভিযোগ করেছেন অভিভাবকেরা।

তাদের মতে, ছোট শিশুদের কাছে জাতীয় দিবসের সঠিক তারিখ ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নির্ধারিত দিনের পরিবর্তে অন্য দিনে অনুষ্ঠান আয়োজন করা হলে শিশুদের মধ্যে জাতীয় দিবসের প্রকৃত তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে।

অভিভাবক তাসনিম রহমান বলেন, “শিশু যদি ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান অন্য দিনে করে, তাহলে তার মনে প্রশ্ন আসতেই পারে—আসল বিজয় দিবস কোন দিন? অনুষ্ঠান করার পাশাপাশি সঠিক দিন এবং তার ইতিহাস শিশুদের মনে গেঁথে দেওয়াও জরুরি।”

অভিভাবকেরা এ বিষয়ে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি চান।

সন্তান স্কুলে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় অভিভাবক

স্কুলের সময়সূচি নিয়েও ভোগান্তির অভিযোগ রয়েছে। ছোট সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার পর ছুটি পর্যন্ত অনেক মা-বাবাকে স্কুলের আশপাশে অপেক্ষা করতে হয়।

অভিভাবকদের অভিযোগ, এতে প্রতিদিন তাদের কয়েক ঘণ্টা সময় নষ্ট হচ্ছে এবং ব্যক্তিগত, পেশাগত ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মা-বাবা এবং নিজস্ব পরিবহন সুবিধা নেই এমন পরিবারের জন্য পরিস্থিতি আরও কঠিন।

তাদের মতে, নিরাপদ ও কার্যকর স্কুল পরিবহন ব্যবস্থা, সময়সূচির উন্নত ব্যবস্থাপনা এবং শিশুদের নিরাপদে আনা-নেওয়ার বিকল্প ব্যবস্থা থাকলে অভিভাবকদের ওপর এ চাপ অনেকটাই কমানো সম্ভব।

স্কুলের পরও কোচিং কেন?

উচ্চ টিউশন ফি দেওয়ার পরও সন্তানকে কেন কোচিং সেন্টার বা প্রাইভেট টিউটরের কাছে পাঠাতে হবে—এ প্রশ্ন তুলেছেন একাধিক অভিভাবক।

তাদের অভিযোগ, স্কুলে প্রয়োজনীয় একাডেমিক ভিত্তি ও পরীক্ষার প্রস্তুতি তৈরি না হওয়ায় অনেক শিক্ষার্থীকে বাইরে অতিরিক্ত পড়াশোনার ব্যবস্থা করতে হয়। ফলে একই শিক্ষার জন্য পরিবারকে কার্যত দুই জায়গায় অর্থ ব্যয় করতে হচ্ছে।

অভিভাবকদের একটি অংশের আরও অভিযোগ, বিপুল অর্থ ব্যয় করে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করলেও মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে ব্যাপক প্রস্তুতি নিতে হয়।

তাদের বক্তব্য, ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সামগ্রিক সাফল্যের চিত্রও প্রকাশ করা প্রয়োজন। তাহলে উচ্চ ফি-নির্ভর এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার জন্য কতটা প্রস্তুত করছে, তার একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

‘উচ্চ ফি হলে জবাবদিহিও থাকতে হবে’

অভিভাবকদের বক্তব্য, ইংলিশ মিডিয়াম শিক্ষা নিয়ে তাদের আপত্তি নেই; বরং সন্তানদের উন্নত ও আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়ার আশাতেই তারা বিপুল অর্থ ব্যয় করছেন।

তবে তাদের প্রশ্ন—উচ্চ টিউশন ফি নেওয়া হলে শিক্ষক নিয়োগ, শিক্ষকদের যোগ্যতা ও বেতন, শ্রেণিকক্ষে পাঠদানের মান, পাঠ্যবই নির্বাচন, শিশুদের স্কুলব্যাগের ওজন, পরীক্ষা, জরিমানা এবং অগ্রিম ফি আদায়—এসব ক্ষেত্রেও কেন একই মাত্রার জবাবদিহি থাকবে না?

তাদের দাবি, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের উচিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ফি কাঠামো, শিক্ষক নিয়োগ ও যোগ্যতা, শিক্ষকদের বেতন, পাঠ্যবইয়ের উৎস ও মূল্য, পরীক্ষার আগে অর্থ আদায়ের পদ্ধতি, শিক্ষার্থীদের ওপর বইয়ের বোঝা এবং জাতীয় দিবস পালনের বিষয়গুলো নিয়মিত তদারকির আওতায় আনা।

অভিভাবকদের ভাষায়, ‘ইংলিশ মিডিয়াম’ শুধু একটি ব্যয়বহুল পরিচয় হয়ে উঠলে চলবে না; উচ্চ ব্যয়ের বিনিময়ে শিক্ষার্থীরা বাস্তবে কতটা মানসম্মত শিক্ষা পাচ্ছে—সেই প্রশ্নের উত্তরও নিশ্চিত করতে হবে।